ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাকন্ডিশনের ধারণা নিয়ে নামছেন তাসকিনরা

কন্ডিশনের ধারণা নিয়ে নামছেন তাসকিনরা

নিউজ ডেস্ক : আবাসন সংকটের কারণে বিপিএলের ছয় দল একসঙ্গে সিলেটে আসতে পারেনি। ঢাকায় নিজেদের মাঠে গতকাল পর্যন্ত অনুশীলন করেছে রংপুর রাইডার্স। শেষ দল হিসেবে আজ ম্যাচ ভেন্যুতে পৌঁছাবে তারা। প্রথম ম্যাচ খেলবে সোমবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। রংপুর গুছিয়ে প্রস্তুতি নিয়ে মাঠে নামার সুযোগ পেলেও বাকিরা টানা ম্যাচ খেলছে কম প্রস্তুতিতে। উদ্বোধনী দিনে ম্যাচ খেলা তিনটি দলকে আজও ম্যাচ খেলতে হচ্ছে। ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্সের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস।

এতে করে প্রশ্ন উঠতে পারে রংপুরকে সুবিধা দেওয়া হচ্ছে কিনা। বিষয়টি তেমন নয় বলেই জানায় বিপিএল গভর্নিং কাউন্সিল। চট্টগ্রামে গিয়ে রংপুরকেও টানা তিনটি ম্যাচ খেলতে হবে। তবে টানা রাতে না খেলে দিনে খেলার সূক্ষ্ম সুবিধা পেয়ে থাকতে পারে তারা। যদিও টানা একই সময়ে ম্যাচ খেলার সুবিধা আছে। বিপিএলের নবাগত নোয়াখালী এক্সপ্রেস যেমন সিলেটে টানা তিনটি ম্যাচ খেলছে রাতে। শিশির ও কুয়াশা মাথায় রেখে গেম প্ল্যান করতে পারবে তারা।

রাজশাহী ম্যাচ খেলার অভিজ্ঞতা নিংড়ে দেওয়ার সুযোগ পাচ্ছে। ঢাকা ক্যাপিটালসের চেয়ে বেশি প্রস্তুতিও নিয়েছে কোচ হান্নান সরকারের দল। সেদিক থেকে রাজশাহীর সুবিধা বেশি মনে হলেও কৌশলগত সুবিধা পেতে পারে ঢাকা।

গতকাল ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘একদিন পরে খেলার কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। কারণ আমরা লাইভ ম্যাচ দেখছি। উইকেট ও আউট ফিল্ড সম্পর্কে ধারণা নিতে পারছি। প্রতিপক্ষের বোলার ও ব্যাটারদের সম্পর্কেও একটা ধারণা নেওয়া সম্ভব হচ্ছে। এগুলো কিছুটা সুবিধা দিতে পারে।’

ঢাকা দল হিসেবে খারাপ না। দেশি-বিদেশি মিলিয়ে রাজশাহীর কাছাকাছি শক্তির। তাসকিন আহমেদ আইএল টি২০ থেকে দেশে ফিরেছেন। পাকিস্তানি সালমান মির্জাও যোগ দিয়েছেন। পাকিস্তানের বাঁহাতি এ ফাস্ট বোলারের ছন্দে থাকা ঢাকার জন্য সুখবর। মোহাম্মদ সাইফউদ্দিন তাঁর বোলিং ক্লিক করে গেলে বিপজ্জনক হয়ে উঠতে পারেন।

সিলেট ও নোয়াখালীর মধ্যকার ম্যাচে দর্শকের আগ্রহ থাকবে বেশি। স্বাগতিকতার সুবিধা পাবে সিলেট। নোয়াখালী থেকেও অনেক সমর্থক এসেছেন খেলা দেখতে। এই সমর্থকরা গতকাল চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। কোচ খালেদ মাহমুদ সুজনের নোয়াখালী আজ চেষ্টা করবে সেরাটা উজাড় করে খেলার। এই ম্যাচেও সৌম্য সরকারকে পাচ্ছে না দলটি। জানা গেছে, পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাঁহাতি এ ব্যাটার।

সৌম্য না থাকলেও চিন্তিত নন কোচ সুজন। নোয়াখালীর ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। বোলিংটা ভালো করলে জেতার সম্ভাবনা তৈরি হবে সৈকত আলীদের। সিলেটের বোলিং ব্যাটিং দুটিই ভালো। পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন। চার নম্বরে নেমে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। টপঅর্ডার ব্যাটাররাও ভালো করায় পাঁচ উইকেটে ১৯০ রান করেছেন তারা। এই অভিজ্ঞতা আজও কাজে লাগাতে চেষ্টা করবে কোচ সোহেল ইসলামের দলটি।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular