ময়মনসিংহ ব্যুরো : কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নিজ নির্বাচনী এলাকা দুর্গাপুর -কলমাকান্দায় মাদক ও চোরা চালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায়
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সীমান্তে চোরাকারবারিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বড়খাপন ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জিহাদ খান মিতুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আয়নল হক,ও স্থানীয় লোকজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার দিন দিন বেড়ে চলেছে। তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। চোরাকারবারিদের দৌরাত্ম্যও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নিজ এলাকা কলমাকান্দা ও দুর্গাপুরে মাদকের বিরোদ্বে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারা আরও বলেন অবিলম্বে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।



