নিউজ ডেস্ক : দেশে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কয়েকটি রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে দেশের উন্নয়ন ব্যাহত হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। একই সঙ্গে বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ ওই দলটি অন্যদের নসিহত করছে বলেও মন্তব্য করেন তিনি।
নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, দলটির কর্মকাণ্ডে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এখন সময় এসেছে তাদের কর্মকাণ্ডের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার। একই সঙ্গে আগে নিজেদের ঘর সামলানোর পর অন্যদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দল-মত নির্বিশেষে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। ফেনীর অনুষ্ঠানে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এসব স্বাস্থ্যকেন্দ্রে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা করার কথাও জানান তিনি।
কৃষকদের জন্য সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পরপরই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে সরকারের প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হলেও দেশের প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন বলে তিনি জানান।
এদিন প্রধানমন্ত্রী ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন করেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ বন্যার ঝুঁকি থেকে সুরক্ষা পাবেন। পাশাপাশি নতুন করে প্রায় ৩৪ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বছরে প্রায় ১ লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।
প্রকল্প উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সড়কপথে ফেনীর পরশুরামে পৌঁছান। সেখানে প্রকল্পের ফলক উন্মোচনের পাশাপাশি বৃক্ষরোপণ ও নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।-
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




