নিউজ ডেস্ক: “গণতন্ত্র কেবল নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ বিষয় নয়। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের অবাধে মতপ্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং ভয়ভীতি ছাড়াই ভোট দেওয়ার নিশ্চয়তা।”
রবিবার (১১ অক্টোবর) দুপুরে ভারতের চলমান গণআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়ে সিপিবি নেতারা এসব কথা বলেছেন।
নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা ক্ষুণ্ন হলে কার্যত গণতান্ত্রিক ব্যবস্থা আর টিকে থাকে না বলে বিবৃতিতে উল্লেখ করেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম কেবল ভারতের জনগণের নয়, এটি বিশ্বব্যাপী গণতন্ত্র এবং জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামেরও অংশ। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা লঙ্ঘিত হলে সে সম্পর্কে প্রশ্ন তোলা এবং প্রতিকার চাওয়াটা যে কোন দেশের নাগরিকদের স্বাভাবিক ও ন্যায্য প্রতিক্রিয়া।
ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ ও গণআন্দোলন গড়ে উঠেছে। বিহার ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া সম্পর্কে গুরুতর অভিযোগ উঠেছে।
বিরোধী দল ও আন্দোলনকারীদের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করা হচ্ছে। এই প্রক্রিয়াকে আন্দোলনকারীরা ‘ভোট চুরি’ হিসেবে অভিহিত করছেন।




