ফেনী প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়ায় আর্থিক সহায়তার কথা বলে এক প্রতিবন্ধী নারীকে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮), ইয়াছিন (১৬) এবং আরমান (১৫)কে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে সালিশ বসিয়ে অভিযুক্ত তিনজনের ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ধর্ষণ মামলা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাটি সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা না করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।




