নিজস্ব প্রতিবেদক : কমিউনিটি ব্যাংক পিএলসিকে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করতে জনগণের আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মাধ্যমে পরিচালিত ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হলো নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে চলা। কমিউনিটি ব্যাংকের খেলাপি ঋণের হার কম থাকাকে তিনি ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা যাতে আস্থা নিয়ে ব্যাংকে অর্থ জমা রাখতে পারেন, সে পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ঋণপ্রক্রিয়া, জামানত ও ঋণ বিতরণে অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে সহজ ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, কমিউনিটি ব্যাংকের লক্ষ্য শুধু মুনাফা অর্জন হওয়া উচিত নয়; সাধারণ মানুষকে কতটা মানসম্মত সেবা দেওয়া গেল, সেটিও গুরুত্বপূর্ণ। ব্যাংকের ব্যবসা ও আমানত বাড়াতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ব্যাংকিং সেবার আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অর্থ ব্যবহারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ অর্থ রাজনৈতিক উদ্দেশ্যে বা কাউকে খুশি করার জন্য ব্যবহার করা উচিত নয়। দেশের জন্য জীবন দেওয়া বা দায়িত্ব পালন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করা পুলিশ ও অন্যান্য শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সিএসআর তহবিল ব্যবহারের আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, দায়িত্বশীল আচরণ ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করা হলে আগামী কয়েক বছরের মধ্যে কমিউনিটি ব্যাংক দেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে অবস্থান তৈরি করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন খান বিপিএম এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান।
পরে কেক কেটে ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে পুলিশ সদস্যদের জন্য ‘বাইক লোন’ ও ‘স্বপ্নের বাড়ি’ নামে দুটি ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের সাত বছরের কার্যক্রম ও সাফল্য নিয়ে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়। পরে ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।




