ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

নিউজ ডেস্ক: পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামের এক জোড়া নতুন ট্রেন চালু হয়েছে। আজ ১০ আগস্ট সোমবার বেলা সাড়ে তিনটায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। পরে মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ঢাকা থেকে বেলা সাড়ে তিনটায় গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। আর ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ১৪৮ কিলোমিটার পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে সাতটি স্টেশনে। এগুলো হলো কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন। ট্রেনটিতে মোট আটটি কোচ রয়েছে। আসনসংখ্যা ৬৩০।

রেলপথ মন্ত্রণালয় বলছে, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা এই ট্রেনের মাধ্যমে কম খরচে ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন।

নতুন এই ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার কৃষিপণ্য, মাছ, শাকসবজি ও অন্যান্য স্থানীয় পণ্য তুলনামূলক কম খরচে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ তৈরি হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতার মধ্যেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে সরকার ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন এই কমিউটার ট্রেন চালু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular