নিউজ ডেস্ক: ঢাকার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলো আর ধ্বংস হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করা রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সবার নৈতিক ও নাগরিক দায়িত্ব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ারীতে অবস্থিত ঢাকা খ্রিষ্টীয় কবরস্থানের প্রাচীন সমাধিগুলোর সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসির প্রশাসক বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘আদি ঢাকা’র বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও রূপ ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আদি ঢাকাকে কেন্দ্র করেই বর্তমানের মেগাসিটি গড়ে উঠেছে।”
তিনি বলেন, ‘এখানকার ঐতিহাসিক স্থানগুলোর গুরুত্ব অপরিসীম। অতীতের কোনো নিদর্শন আর নষ্ট হতে দেওয়া হবে না।’
সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকারের বিষয়ে ডিএসসিসির প্রশাসক বলেন, “বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই। সবাই পরিচয়ে বাংলাদেশি এবং এ দেশের সমান নাগরিক।”
ঢাকার খ্রিষ্টীয় কবরস্থানের সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী এ কবরস্থানের শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হবে। কবরস্থানটির আশপাশের রাস্তাঘাট, ড্রেনেজ, আলোকায়ন ও পরিচ্ছন্নতাব্যবস্থা জোরদার করবে ডিএসসিসি।’
এ সময় কবরস্থানটির সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য ডিএসসিসির তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন প্রশাসক।




