ঢাকা  শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকনোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না ট্রাম্প!

নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইরান যুদ্ধের কারণে এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পুরস্কারটি কে পাবেন, সে সিদ্ধান্তে ট্রাম্পের প্রভাব থাকতে পারে বলে মনে করছেন তারা।

আগামী ৯ অক্টোবর ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে।

গত বছর ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কার দেওয়ার সময় ট্রাম্প বারবার এ সম্মান পাওয়ার জন্য প্রচার চালিয়েছিলেন। পুরস্কার পাওয়ার কয়েক সপ্তাহ পর ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় ট্রাম্পের সমর্থন পাওয়ার আশায় তার হাতে নোবেল পদক তুলে দেন মাচাদো।

অসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হাকন গেরলোয় মনে করেন, গত বছরের ঘটনাগুলো এবার নোবেল কমিটির বিবেচনায় প্রভাব ফেলতে পারে। তার মতে, ট্রাম্পের চাপের মুখে পড়তে পারেন–এমন কাউকে পুরস্কার দেওয়া হলে তা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির জন্য ক্ষতিকর হবে কি না, সেটিও কমিটি বিবেচনা করতে পারে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেজের নাম আলোচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রথম পোপ লিও যুদ্ধের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি সংঘাতের শান্তিপূর্ণ সমাধান, অভিবাসীদের অধিকার এবং মানবিক কর্মকাণ্ডে জোর দিয়েছেন। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্প তাকে ‘দুর্বল’ বলেও মন্তব্য করেছেন।

অন্যদিকে ইসরায়েলের গাজা যুদ্ধ ও পশ্চিম তীর দখলের সমালোচনা করায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তোপের মুখে রয়েছেন ইতালির নাগরিক আলবানেজ।

তবে গত বছরের ঘটনাগুলোর পর নোবেল কমিটি উল্টো কম বিতর্কিত কাউকে বেছে নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে ট্রাম্পের বিরোধিতা এড়ানো সম্ভব হবে। সম্ভাব্য এমন প্রার্থীদের মধ্যে সুদানে গৃহযুদ্ধের সময় সাধারণ মানুষের সহায়তায় কাজ করা ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ এবং সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের জন্য কাজ করা ‘সেভ দ্য চিলড্রেন’-এর নাম রয়েছে।

নোবেল পুরস্কারবিষয়ক ইতিহাসবিদ ওইভিন্দ স্টেনারসেন বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি ট্রাম্পের চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্যও কমিটির ওপর চাপ রয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে উদার গণতন্ত্র, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নেওয়া একটি শান্তি পুরস্কারের প্রয়োজন।

এ কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপের মুখে থাকা আইসিসিকে পুরস্কার দেওয়া হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। আইসিজেকে পুরস্কার দিলে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পক্ষে বার্তা দেওয়া হবে বলেও মত রয়েছে।

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। তবে গেরলোয়ের মতে, ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা ‘খুবই কম’। মনোনয়ন অবশ্য পুরস্কার পাওয়ার নিশ্চয়তা নয়; ২০২৬ সালের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular