আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইমরান খানের দল ।
ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) মুখপাত্র জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘পাঞ্জাব পুলিশ আলিম খানের বাড়িতে অভিযান চালিয়েছে। তারা ইমরান খানের অন্য দুই বোন, তার ভাগনে ও তাদের সন্তানদের ধরে নিয়ে গেছে।’
পিটিআই-এর তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, ‘খানের বোন ও তাদের সন্তানদের হেফাজতে নেওয়া হয়েছিল। তবে সন্তানদের ছেড়ে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘তিন বোনকেই লাহোরের কোট লাখপাত কারাগারে পাঠানো হয়েছে।’
পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমরানের বোন আলিমা খান, ডা. উজমা খান ও নূরিন খানকে গ্রেপ্তার করে।
লাহোরের ডেপুটি কমিশনার রবিবার পৃথক দুটি আদেশ জারি করেন। আদেশগুলোর অনুলিপিতে পাঞ্জাব প্রদেশের জনশৃঙ্খলা রক্ষণ আইন অনুযায়ী তিন বোনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মন্তব্য করেনি পাঞ্জাব পুলিশ।
ইমরান খানের দল আগামী ২৭ সেপ্টেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, এ বিক্ষোভের ডাক অবৈধ।
তিনি বলেন, ‘আমরা তাদের সড়ক অবরোধ করতে এবং মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করতে দেব না।’
ইমরান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছরের শেষ দিকে দুর্নীতির মামলায় তাকে এবং তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
৭৩ বছর বয়সি ইমরান পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়কও। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সংকটের মধ্যে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। ওই সময় তার সরকারের সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছিল।
সূত্র: এএফপি




