নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিজয় মিছিলে এসে আল-আমিন ভূঁইয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় উপজেলা বিএনপির নেতারা শোক জানিয়ে কর্মসূচি বাতিল করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা সদরের পাটমহাল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আল-আমিন ভূঁইয়া (৪৫) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রুকুন উদ্দিনের ছেলে। নিহত আল-আমিন ভূঁইয়া পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন। সকাল ১১টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে একটি মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহাল এলাকায় উপস্থিত হন বিএনপি নেতা আল-আমিন ভূঁইয়া (৪৫)। এসময় লোকজন নিয়ে মিছিল করার একপর্যায়ে হঠাৎ অসচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আল-আমিন ভূঁইয়া। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্ভবত তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এদিকে পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, বিএনপি নেতা আল-আমিন ভূঁইয়ার মৃত্যুতে উপজেলা বিএনপি শোকাহত। তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি বিএনপির আজকের সকল কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে।



