ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে যুবক নিহত

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে যুবক নিহত

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে রিফাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও রিফাতকে বাঁচাতে গিয়ে রাজিব নামে একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) বিকেলে জেলার পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী পুরাতন ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।

নিহত রিফাত (২০) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। আহত রাজিব একই উপজেলার তারাকান্দি মানুল্লারচর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) বিকেলে জেলার পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী বেড়িবাঁধে ঘুরতে যান রিফাত ও তার দুলা ভাই ব্যাংক কর্মকর্তা রাজিব। সেখানে ঘুরাঘুরির এক পর্যায়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে রিফাত নামেন। এসময় স্রোতের টানে তিনি তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে যান রাজিব। তখন রাজিবও পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন রাজিবকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকেন রিফাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে রিফাতের লাশ উদ্ধার করেন। গুরুতর আহত রাজিব কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নৌকাডুবে একই পরিবারের দুই মেয়ে মারা যাওয়ার ঘটনার পর নিরাপত্তা জনিত কারণে পাকুন্দিয়া উপজেলার চরটেকী বেড়িবাঁধে গত ১২ জুলাই থেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। কিন্তু তারপরও সেখানে পর্যটকরা যাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে দাবি জানিয়েছেন সচেতন মহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular