নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট করে বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি দেশের সংবিধান কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্ভুক্ত নয়। তাই বর্তমান কাঠামোর মধ্যে এ ধরনের কোনো নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করা কমিশনের পক্ষে সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমাদের যে পদ্ধতি আছে, সেখানে পিআর পদ্ধতি নেই। আইন পরিবর্তন করার এখতিয়ার আমাদের নেই। যদি আরপিও বদলাতে হয়, তাহলে আইন পরিবর্তন করতে হবে, আর সংবিধানেও সংশোধনী আনতে হবে।”
সাংবাদিকরা জানতে চান, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করার সিদ্ধান্ত হয় তবে ফেব্রুয়ারিতে ভোট সম্ভব কি না। উত্তরে সিইসি বলেন, “সেটা তো আইন ও সংবিধান বদলানোর বিষয়। আমরা সেটা করতে পারব না। তাছাড়া যদি বলি সংবিধান বদলাতে হবে, তখন বলা হবে আমি পিআরের বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মীমাংসায় আসুক। তারা যদি পিআর চান, তাহলে সেটা তাদের বোঝাপড়ার মাধ্যমে করতে হবে। কমিশনের এখতিয়ার সীমিত।”
ঢাকানিউজ২৪/মহফ



