নিউজ ডেস্ক: পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে তবে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পথ তৈরির জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে, সরকার এমনটা মনে করে না। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কিছু করতে পারবে, সরকার তা বিশ্বাস করে না। তবে দলটির কাছে লুটপাটের প্রচুর টাকা রয়েছে। সেই অর্থ খরচ করে কোথাও কোথাও কোনো না কোনোভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা তারা করতে পারে।
এদিকে এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের বিষয়টি সরকার বুঝতে পারছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে আমদানি করা জ্বালানিতে ভর্তুকি বাড়াতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হচ্ছে। চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। অথচ অর্থবছরের প্রথম আড়াই মাসেই এ খাতে ২৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এভাবে অতিরিক্ত ভর্তুকি অব্যাহত থাকলে সরকারকে ঋণ বাড়াতে হবে, যার প্রভাব শেষ পর্যন্ত মূল্যস্ফীতিতে পড়বে।
তিনি বলেন, বর্তমানে প্রতি ইউনিট এলএনজি ৩০ ডলারে কিনতে হচ্ছে। অথচ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এর সর্বোচ্চ দাম ছিল ১৪ ডলার। আমদানি করা জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্কিত।
তথ্য উপদেষ্টা বলেন, পুলিশকে আইন মেনে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তি প্রয়োগ করতে হবে। পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চর্চা নিশ্চিত করছে সরকার।
জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে। খাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের মজুত বাড়ানো এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।



