নিউজ ডেস্ক: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন খাতের প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ মেলার আয়োজন করে।
জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল পুঁজিবাজার খাতের লংকাবাংলা সিকিউরিটিজ, জীবনবিমা খাতের ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যাকেজিং ও উৎপাদন খাতের কালিয়ার রেপ্লিকা লিমিটেড, বিনোদন খাতের স্টার সিনেপ্লেক্স, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সম্ভব জবস, আবুল খায়ের গ্রুপ এবং ক্যারিয়ার প্রো বিডি।
দিনব্যাপী আয়োজনে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, আবেদনপত্র গ্রহণ করেন এবং প্রাথমিক সাক্ষাৎকার নেন। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেন। বিশেষ করে শেষ বর্ষের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সেতুবন্ধ আরও দৃঢ় করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স সারা বছর ক্যারিয়ার কাউন্সেলিং, জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির কর্মশালা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরির কার্যক্রম পরিচালনা করে থাকে।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা, চাকরির বাজারের চাহিদা সম্পর্কে ধারণা দেওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে কর্মজীবন শুরু করতে সহায়তা করাই এ মেলার মূল উদ্দেশ্য।



