নিউজ ডেস্ক: ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্বাচনী তফসিল জারি করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। জমা পড়া মনোনয়নপত্রগুলো বাছাই করা হবে ২৭ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। আর সর্বশেষে ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আইনি বাধ্যবাধকতা অনুযায়ী, পদত্যাগী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ বিএনপি থেকে নির্বাচিত হওয়ায় এই শূন্য আসনে এককভাবে কেবল বিএনপিই প্রার্থী মনোনয়নের সুযোগ পাবে।
যদি বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবেই শুধু ভোটের দিন বিএনপি জোটের সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন। তবে সংরক্ষিত নারী আসনে সচরাচর একক প্রার্থী মনোনীত হওয়ার রীতি থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম ও সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
বিষয়টিকে কেন্দ্র করে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ। তার এ পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটি খালি হওয়ার পরপরই তা পূরণে বিএনপির শীর্ষ এবং তৃণমূলের নারী নেত্রীদের মধ্যে মনোনয়ন পাওয়ার দৌড়ঝাঁপ শুরু হয়েছে।




