নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর নেতা, ডাকসুর সদস্য, নব্বই এর গনঅভ্যুত্থানের অন্যতম ছাত্র নেতা, বিশিষ্ট শিক্ষক ও গণফোরামের অন্যতম নেতা জনাব মো ইয়াসিন আলপনা আর নেই।
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা, ডাকসুর সাবেক নির্বাচিত সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলপনা গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকার ধানমণ্ডির নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ….রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চট্টগ্রামের নাসিরাবাদের সমাজ সেবক ইসহাক আলীর প্রথম পুত্র।
গতকাল বাদ জোহর ধানমণ্ডির মধু বাজার বড় মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং নাসিরাবাদ শান্তি ধারা আবাসিক এলাকায় রাত দশটায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইয়াছিন আলপনার মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত ও যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফেইস বুকে তাঁর অসংখ্য ফলোয়ার তাঁর মৃত্যুতে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
গণফোরাম নেতা লতিফুর বারী হামীম লিখেছেন, ‘তিনি খুব সাহসী, বিনয়ী ও মেধাবী ছিলেন। ছাত্রজীবন থেকেই একত্রে অনেক মিছিল, মিটিং ও পরিকল্পনার সাথী ছিলাম। তার মৃত্যুতে আমরা হারালাম একজন দেশপ্রেমিক মানবহিতৈষী ব্যক্তিকে।’
জাহিদ খান লিখেছেন, ‘সময়ের সাহসী সন্তান, সংগ্রামী সাবেক ছাত্রনেতা ডাকসুর সাবেক সদস্য ইয়াছিন আলপনা ভাইয়ের মৃত্যু সংবাদে গভীর শোকাহত। তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লাকী আক্তার গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মীর মাহমুদ আলী লিখেছেন, ‘মো ইয়াসিন আলপনা ছিলেন আমাদের প্রেরণার উৎস। তার নেতৃত্বে আমরা অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছি, যা আমাদের দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সৈয়দা শিরীন লিখেছেন, ‘তিনি সবসময় আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন এবং আমাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছেন।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সাব্রিনা ইয়াসমিন লিখেছেন, ‘তার অবদান কখনো ভুলে যাওয়ার নয়। আমরা তার স্মৃতিকে চিরকাল মনে রাখব এবং তার আদর্শকে অনুসরণ করার চেষ্টা করব। তার আত্মা শান্তিতে থাকুক।’




