নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ঘটনাটি ঘটে ১৪ অক্টোবর অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে। ইনিংসের ৩৭তম ওভারে ১১১ বল খেলে ৯৫ রানে আউট হওয়ার পর হতাশ হয়ে ড্রেসিংরুমের পাশে থাকা একটি সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন জাদরান।
আইসিসির খেলোয়াড় আচরণবিধির ধারা ২.২ অনুযায়ী, মাঠের সরঞ্জাম বা পোশাক, কিংবা স্থাপনার প্রতি এমন আচরণকে “অপব্যবহার” হিসেবে গণ্য করা হয়।
এটি ইব্রাহিম জাদরানের গত ২৪ মাসে প্রথম অপরাধ। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যা খেলোয়াড়কে নির্দিষ্ট সময়ের জন্য টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করতে পারে।
আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। জাদরান তার ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ঢাকানিউজ২৪/মহফ



