ঢাকা  শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, অপারেশন থিয়েটার সিলগালা

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, অপারেশন থিয়েটার সিলগালা

যশোর প্রতিবেদক: যশোরের অভয়নগরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সরকারি হাসপাতাল সড়কে ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপুরে ওই হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নিহতের নাম রত্না বেগম (৩৬)। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত ইয়াকুব মোল্যার মেয়ে ও বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।

সূত্র জানায়, প্রসবব্যথা উঠলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রত্না বেগমকে অভয়নগরের ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মঞ্জুর মোর্শেদের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শনিবার ভোরে পেট ফুলে তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন রুনা বেগম বলেন, অপারেশনের পর নবজাতক সুস্থ্য থাকলেও রত্না অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে শনিবার ভোরে পেট ফুলে খিচুনি উঠার পর তার মৃত্যু হয়। ভুল চিকিৎসা ও অবহেলায় আমার বোনের মৃত্যু হয়েছে।

চিকিৎসক মঞ্জুর মোর্শদ অভিযোগ অস্বীকার করে বলেন, রত্না বেগমের অপারেশন ভালোভাবে সম্পন্ন হওয়ার পর আমি বাড়ি চলে যাই। এরপর কি হয়েছিল তা আমাকে জানানো হয়নি। খবর পেয়ে সকালে এসে দেখি রোগীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত ব্লাড প্রেসারের ফলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সকালে ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর আইনশৃঙ্খলা ঠিক রাখতে ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স পরিদর্শন করা হয়। এসময় সেটআপ ঠিক না থাকা ও বিভিন্ন অনিয়মের কারণে ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম সাময়িক সিলগালা করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular