ময়মনসিংহ ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ময়মনসিংহ সদরে কলেজ ছাত্র শহীদ মোঃ রিদওয়ান হোসেন সাগরের নামে ময়মনসিংহে প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করার ব্যাপারে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহে প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করার ব্যাপারে রবিবার (১৩ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে
এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভায় উপস্থিত সকলেই শহীদ সাগরের নামে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণের ব্যাপারে সম্মতি প্রদান করেন।
সভায় বক্তারা বলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ময়মনসিংহে প্রথম শহীদ হন শহীদ সাগর। শহীদদের মধ্যে শহীদ সাগর হলো মূল স্পিরিট। তাই তাকে স্মরণীয় করে রাখতে তার নামে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণের জন্য সকলেই মতামত ব্যক্ত করেন।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, বিগত ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর সাথে আট বিভাগের বিভাগীয় কমিশনারদের বৈঠকে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ ময়মনসিংহে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব করলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।
তিনি প্রধান উপদেষ্টা মহোদয়ের অভিপ্রায় এর প্রেক্ষিতে ক্রিকেট স্টেডিয়ামটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) তাহমিনা আক্তার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, নগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা জামাতের আমির মোঃ আব্দুল করিম ও নায়বে আমির অধ্যক্ষ ম. কামরুল হাসান মিলন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন,
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম,আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক আনোয়ার হোসেন মঞ্জু ও সদস্য সচিব আলী হোসেন, মহানগর আরবায়ক মোহাম্মদ অলিউল্লাহ প্রমূখ।



