আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
২০১২ সালের আগস্টে সিরিয়ার গৃহযুদ্ধের খবর সংগ্রহের সময় নিখোঁজ হন টাইস। সাবেক মার্কিন মেরিন কর্মকর্তা ও জর্জটাউন ইউনিভার্সিটির আইন শিক্ষার্থী টাইস সে সময় ওয়াশিংটন পোস্টের জন্য সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রতিবেদন করছিলেন। নিখোঁজ হওয়ার এক মাসেরও বেশি সময় পর প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে চোখ বাঁধা অবস্থায় দেখা যায়।
এতদিন ধারণা করা হতো, কোনো সরকারি চেকপোস্টে আকস্মিকভাবে টাইসকে আটক করা হয়েছিল। তবে বিবিসির নতুন অনুসন্ধানে পাওয়া গোপন সিরীয় গোয়েন্দা নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে জানা গেছে, ঘটনাটি ছিল পরিকল্পিত।
আসাদ সরকারের অনুগত ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) সাবেক সদস্য আবু আলী দাবি করেছেন, টাইসের গাড়িচালক দীর্ঘদিন ধরে সরকারকে তথ্য দিচ্ছিলেন। তিনি টাইসের গতিবিধি সম্পর্কে এনডিএফকে জানান। বিষয়টি এনডিএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আসাদের ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বাসাম আল-হাসানের কাছে পৌঁছায়। আবু আলীর দাবি, হাসান আসাদের সঙ্গে ফোনে কথা বলার পর প্রেসিডেন্ট নির্দেশ দেন, ‘তাকে আমাদের কাছে নিয়ে আসুন।’




