ঢাকা  শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedরাজধানীর কাফরুলে বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাফরুলে বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক : রাজধানীর ছয়টি স্থানে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দুপুরে মালিবাগ; সন্ধ্যায় আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী এবং রাতে মগবাজার ও বাবুবাজারে এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীর ঘটনায় ইবাদুর রহমান নামে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে রাতে কাফরুলে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, মালিবাগ রেলগেট সংলগ্ন একটি পরিবহনের কাউন্টারের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ফ্লাইওভারের ওপর থেকে ককটেলগুলো ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও এবং সাড়ে ৬টার দিকে মহাখালীতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ এ নিয়ে কাজ করছে।

বনানী থানা পুলিশ জানায়, মহাখালীতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাদের ধারণা, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্য ঘটনায় যাত্রাবাড়ী থানার ফটকের সামনে একটি এবং যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার সামনে বিস্ফোরণ ঘটে। এর ১০ মিনিটের মাথায় চৌরাস্তায় পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। ফ্লাইওভার থেকে এসব ককটেল ছোড়া হয় বলে ধারণা করছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মো. হাসানুর জানান, কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

পরে রাত ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মলয় বসির জানান, বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে কেউ আহত হননি।

অপরদিকে রাত সোয়া ৯টার দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এখানেও ফ্লাইওভার থেকে ককটেল ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণার পর এ ঘটনা ঘটে। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও পৃথক স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

কাফরুলে বাসে আগুন
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পর রাত সোয়া ১০টার দিকে কাফরুলে থানার কাছে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানান, রোটারী স্কুলের সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি থেমে ছিল। সেটিতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা সেখানে পৌঁছে বাসটিতে লাগা আগুন নেভায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular