ঢাকা  রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ

ঢাকা প্রতিনিধি : রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর জোন, ঢাকা মহানগরী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এ ছাড়া মহানগরী মজলিসে শূরা সদস্য ডা. মঈন উদ্দিন, আব্দুল্লাহ মুয়াজ ও মনিরুল ইসলাম মৃধাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান অভিযোগ করেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতে লুটপাটের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনা মেনে নেওয়া যায় না।

তিনি প্রশ্ন করেন, “সরকারের প্রশাসন কোথায় ছিল? নাকি আমরা মেনে নেব, সরকার ও প্রশাসনকে ম্যানেজ করে এই হামলা হয়েছে?”

মাহফুজুর রহমান বলেন, তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাচ্ছেন। গরিব ও অসহায় মানুষের সেবা দেওয়া প্রতিষ্ঠানের দিকে নজর দিলে ভালো হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, “১৮ কোটি মানুষের ওপর যারা জুলুম করবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।”

মিছিলটি শাহ আলী মাজার গেট থেকে শুরু হয়ে মিরপুর-১ গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular