নিউজ ডেস্ক : রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বঙ্গভবনেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি বসবাস করবেন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনে।
শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবন ও আশপাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই এ নিরাপত্তা কার্যকর করা হয়।-
হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সাংবিধানিক ধারাবাহিকতাও বজায় থাকল। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।




