সুমন দত্ত: সরকারি চাকরিতে কর্মরত রিপিট ক্যাডারদের তালিকা না হওয়ার কারণে ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এবং সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দেওয়া হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঢিলেমির কারণে তাদের চাকরি ঝুলে আছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিয়োগ বঞ্চিত এসব চাকরি প্রার্থীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. মুজাহিদুল ইসলাম, মারিয়া জান্নাত, শাহিন আহমেদ, মো রাসেল, মেহেদী হাসানসহ অন্যরা।
তারা বলেন, গত ৩০ জুন বিপিএসসি ১ হাজার ৬৯০ জনকে চাকরির জন্য সুপারিশ করে। বিভিন্ন ক্যাডারে খালি পদ ছিল ১৭১০ টি। বিপিএসসির সুপারিশ প্রাপ্তদের মধ্যে ৩৭২ জন ছিল রিপিট ক্যাডার। রিপিট ক্যাডার হলো তারা যারা পূর্ব থেকে সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত। এদের কে বাদ দিয়ে মেধা-ক্রম অনুসারে নতুন তালিকা করার আশ্বাস দেওয়া হয়েছিল বিপিএসসি থেকে। সেই কাজ এখনো হয়নি। এর কারণ হিসেবে বলা হয় বিধি সংশোধনের বিলম্বকে। আর এতেই ঝুলে যায় সুপারিশপ্রাপ্তদের সরকারি চাকরিতে নিয়োগ।
গত ২ মাস ৫দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো সেই গুরুত্বপূর্ণ বিধিটি প্রণয়ন করা হচ্ছে না। ফলে রিপিট ক্যাডারের জটিলতা কাটছে না।
৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০ পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন; উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী। এর প্রায় দেড় বছর পর প্রকাশিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষাসহ সব ধাপ শেষে ৩০ জুন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ পদে সাময়িকভাবে সুপারিশ প্রদান করে পিএসসি।
দাবীসমুহ:
১. বিপিএসসি কর্তৃক পুন:ফলাফল প্রকাশের স্পষ্ট তারিখ ঘোষণা এবং অনতিবিলম্বে পুন:ফলাফল প্রকাশ, নয়তো বিদ্যমান ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
২. পুনঃফলাফল প্রকাশ করা হলেঃ প্রথমবার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ন্যায্য অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. পুনঃফলাফল প্রকাশের ২-৩ কার্যদিবসের মধ্যে সুপারিশপ্রাপ্তগণের ফাইল জনপ্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
৪.সরকারের পক্ষ থেকে ৪৪ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তদের গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ প্রদানের জন্য সুনির্দিষ্ট ডেডলাইন ঘোষণা করে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরকে লিখিত নির্দেশনা প্রদান করতে হবে।
৫.ডিসেম্বর ২০২৫ এর মধ্যেই ৪৪ তম বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে।
৬. ৪৪ তম বিসিএস এর গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ সাপেক্ষে পরবর্তী বিসিএসে প্রার্থী সুপারিশ করতে হবে।
৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানাচ্ছেন। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ্য দিকনির্দেশনায় সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এবং যোগ্য প্রার্থীদের প্রশাসনে যুক্ত করবে, যা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত গেজেট প্রকাশ করে তাঁদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করলে শুধু প্রার্থীদের হতাশা দূর হবে না, বরং প্রশাসনিক কার্যক্রমেও নতুনত্ব আসবে বলে আমরা আশা করি।



