নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কথোপকথন ও কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি গতকাল রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে। এতে নুরুল আমিনকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে এবং তাঁদের কাছ থেকে নগদ টাকা নিতে দেখা যায়। তবে যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের মুখ ভিডিওতে স্পষ্ট দেখা যায়নি। তাঁদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটির একটি অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না।’ পরে তিনি বলেন, ‘ছয় কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়ব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কী কয়।’
ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, একটি বিলের জন্য দুই কোটি টাকা নেওয়ার বিষয়ে। একই অংশে তিনি কাজের ব্যয় ও মালামাল নিয়ে হিসাব-নিকাশের কথা বলেন এবং কয়েক কোটি টাকার মালামাল আত্মসাতের অভিযোগ করেন। এরপর তিনি বলেন, ‘পাঁচ কোটি টাকা থেকে আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সই করে দেব।’
ভিডিওর আরেকটি অংশে কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এখানে কত?’ জবাবে এক ব্যক্তি বলেন, ‘এখানে ৩৫ স্যার।’ তখন নুরুল আমিন বলেন, ‘এক লাখ ৩৫।’ ওই ব্যক্তি বলেন, ‘আগে দিয়েছি এক লাখ স্যার।’
তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে যেসব কথোপকথন ও টাকা লেনদেনের দৃশ্য রয়েছে, সেগুলোর প্রেক্ষাপটও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি সম্পাদিত কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।




