লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বালুবাহী ড্রামট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন।
নিহত আবুল কালাম লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন আবুল কালাম। লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ড্রামট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করেন।
এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




