আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাতে লা লিগার নতুন মৌসুমে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
লা লিগার ইতিহাসে রিয়াল মাদ্রিদ একটানা ১৭ মৌসুম প্রথম ম্যাচে অপরাজিত। ২০০৯ সাল থেকে এখনও তারা হার দিয়ে মৌসুম শুরু করেনি। এমন কীর্তি তো আর অন্য কোন ক্লাবের নেই।
তবে একটানা ১৬ ম্যাচ জয়ে রেকর্ডটা আগেও রিয়ালের দখলেই ছিল। ইউরোপের সফলতম ক্লাবটি ১৯৬১ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত একটানা মৌসুমের প্রথম ম্যাচে জিতে এসেছে। এই মৌসুম দিয়ে লিগে রিয়ালের ডাগআউটে প্রথমবার দাঁড়িয়েই রেকর্ডটা আরো একটু বড় করলেন শাবি আলোনসো।
রিয়াল মাদ্রিদের হয়ে লিগে গতকাল প্রথমবার ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামেন ফরাসি তারকা এমবাপ্পে। রিয়ালের জার্সিতে মৌসুমের প্রথম গোল করে নাম লেখালেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমার পাশে। এর আগে ২০১৩, ২০১৪, ২০১৯ ও ২০২১ রিয়ালের হয়ে মৌসুমের প্রথম গোল করেছিলেন বেনজেমা।
এর আগে লা লিগায় প্রথম ম্যাচে পেনাল্টি গোলে জয় পাওয়ার ঘটনা ঘটেছে চারবার। পঞ্চম দল হিসেবে এবার সেই তালিকায় নাম উঠালো রিয়াল।
ঢাকা নিউজ/এস



