ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedশেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

 

তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাকে ফিরিয়ে দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পক্ষ থেকে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত, তাদের বিষয়ে আইন ও বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা হবে।

‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিরক্ষামূলক এই সাময়িক জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। দেশের জনগণের স্বার্থ এবং বাংলাদেশের জন্য সম্ভাব্য সুফলের বিষয়গুলো বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সূত্র: বাসস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular