ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি

সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক: স্বাস্থ্য খাতে বরাদ্দ ক্রমান্বয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করা এবং আগামী কয়েক বছরের মধ্যে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমানো এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি ও এ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার জার্মানির বার্লিনে এক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন।

মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব: সংকট থেকে সহনশীলতার পথে’ শীর্ষক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি মা ও নবজাতকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের মাধ্যমে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, জরুরি চিকিৎসার জন্য রেফারেল এবং প্রসব-পরবর্তী সেবার মান উন্নয়ন সম্ভব।

মিডওয়াইফদের পেছনে বিনিয়োগকে ব্যয় হিসেবে না দেখে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তার মতে, এ খাতে বিনিয়োগ বাড়ালে মা ও নবজাতকের মৃত্যুহার কমানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যব্যয়ও হ্রাস করা সম্ভব।

মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিকায়ন করা হচ্ছে। একই সঙ্গে হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান ও শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করছে। মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্যসেবা সম্প্রসারণে উন্নয়ন সহযোগীদের, বিশেষ করে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অবদানের প্রশংসাও করেন।

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে মিডওয়াইফদের ভূমিকার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংকটকালেও জীবনরক্ষাকারী মাতৃস্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে তারা সম্মুখসারিতে থেকে কাজ করছেন।

তিনি বলেন, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্যও মিডওয়াইফদের দক্ষতা বৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি। এ ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular