নিউজ ডেস্ক : সৌরশক্তি ব্যবহারে সরকারি ভবনের ছাদকে কাজে লাগিয়ে জাতীয় গ্রিডে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সংযোজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার ঢাকায় সিপিডির কার্যালয়ে আয়োজিত “জাতীয় ছাদ সৌরশক্তি কর্মসূচি” বিষয়ক আলোচনায় তারা এই মত প্রকাশ করে।
আলোচনায় বলা হয়, এই কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজন কার্যকর পরিকল্পনা, প্রযুক্তিগত মূল্যায়ন ও সম্ভাব্যতা যাচাই। সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হেলেন মাশিয়াত প্রিয়তি বলেন, পাইলট প্রকল্পের মাধ্যমে কর্মসূচির শুরু হওয়া উচিত এবং বিকিরণ, অর্থায়ন, গ্রিড প্রস্তুতি ও লোডশেডিং এলাকাগুলো বিবেচনায় নিয়ে নমুনা নির্বাচন জরুরি।
তিনি বলেন, সৌর প্যানেল, ব্যাটারি ও ইনভার্টার আমদানিতে সব শুল্ক ও কর মওকুফ করা উচিত। তিনি আরও বলেন, প্রযুক্তিগত কমিটি গঠন, সরঞ্জাম পরীক্ষার জন্য নির্ভরযোগ্য ল্যাব ব্যবহার এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনঃঅর্থায়ন বা সবুজ শক্তি তহবিল গঠন প্রয়োজন।-
ছাদের সৌর প্রকল্প বাস্তবায়নে ব্যাংক বা সার্বভৌম গ্যারান্টি ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ এবং জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি সহায়তায় গ্যারান্টি তহবিল গঠনের সুপারিশ করা হয়।
সূত্র : বি এস এস



