নিউজ ডেস্ক : আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৭২ ঘণ্টা মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। এসময় সারাদেশে গ্যাস সরবরাহ সাময়িক হ্রাস পাবে ও স্বল্পচাপ বিরাজ করবে।
এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান এ তথ্য জানান।
এতে বলা হয়, আগামী শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোন কোন এলাকায় ৭২ ঘণ্টা গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলেও জানিয়েছে পেট্রোবাংলা।
এ সময়কালে অপর এফএসআরইউ (মহেশখালী ভাসমান এলএনজি) দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।



