ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধ‘অসামাজিক কাজের’ অভিযোগে নারীর গলায় জুতার মালা, কাটা হয়েছে চুল

‘অসামাজিক কাজের’ অভিযোগে নারীর গলায় জুতার মালা, কাটা হয়েছে চুল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘অসামাজিক কাজের’ অভিযোগে এক নারীর গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে তাঁর মাথার চুলও কেটে দেওয়া হয়। ভাঙচুর ও আগুন দেওয়া হয় ওই নারীর ঘরে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলছে, এই ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।

শনিবার রাতে রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে রোববার রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তি ও মাদক কারবারের অভিযোগ তুলে তাঁর বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। এ সময় ওই নারীকে ঘর থেকে বের করে রাস্তায় এনে হেনস্তা করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘অসামাজিক কাজের অভিযোগ তুলে ওই নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয় স্থানীয় জনতা। পরে নারীর গলায় জুতার মালা পরিয়ে দেয় এবং তাঁর চুল কেটে দেয়।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।’

পুলিশ কর্মকর্তা ওয়াদুদ বলেন, ‘স্থানীয়রা গত এপ্রিল মাসে ভুক্তভোগী নারীর বোনের বাড়িতেও একইভাবে হামলা করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।’

এদিকে রোববার বিকেলে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করে মাদক বিক্রি ও পতিতাবৃত্তি বন্ধসহ ওই নারীর শাস্তি দাবি করে স্থানীয়রা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular