চাঁদপুর প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. দুলাল আলম প্রকাশ লন্ডনি দুলাল (৬৫) ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি নোয়াপাড়া গ্রামের লন্ডনি বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পুকুরে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরে তারা মরদেহটি উদ্ধার করেন। এ সময় তার মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, পুকুর থেকে দুলাল আলমের মরদেহ উদ্ধারের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



