আন্তর্জাতিক ডেস্ক: আজকের জ়েনজ়ি রাত ৮টার অপেক্ষায় বসে থাকার পাত্র নয়। তাদের পৃথিবী গড়ে ওঠে মোবাইলের পর্দায়—১৫ সেকেন্ডের ভিডিও, দ্রুত বদলে যাওয়া দৃশ্য, আর অ্যালগরিদমের হাতে সাজানো অন্তহীন সোশ্যাল মিডিয়া ফিডে।
সেই পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়েই যেন বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে একটি সেলফি ভিডিয়ো পোস্ট করলেন মোদী। স্টুডিওর ক্যামেরার বদলে হাতের স্মার্টফোনের দিকে তাকিয়ে শুরু করলেন ভাষণ। নিজের চেনা ছন্দ থেকে বেরিয়ে যুবসমাজকে সম্বোধন করলেন ‘ফ্রেন্ডস’ বলে। যেন তিনি মঞ্চে নয়, হাতের মুঠোয় পর্দার ওপারেই রয়েছেন। ডিজিটাল যুগের আন্দোলনের কথা ভেবেই যেন এই পরিবর্তন। একেবারে মাপা এবং মানানসই।
মোদী আশ্বাস দিলেন নিটের প্রশ্নফাঁস রুখতে খসড়া বিল তৈরি করা হয়েছে। সেই নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো শুধু ভাইরাল হলো না, দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সব রেকর্ড ভেঙে ২৪ ঘন্টায় ৩৫২ মিলিয়ন ভিউ। পিছনে ফেলে দিলেন BTS-কেও। পরের দিন শুক্রবার ধন্যবাদ জানিয়ে আরও একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি। সেই ফ্রেন্ডস সম্বোধন। আড্ডা দেওয়ার কায়দায় পৌঁছে দিলেন জরুরি কথাটাও।




