নিউজ ডেস্ক: স্বাধীনতার পর থেকেই একটি মহল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণের ষড়যন্ত্র করে আসছে। জনগণ অতীতে তাদের সেই অপচেষ্টা প্রতিহত করলেও ওই মহল আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেকোনো মূল্যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এটাই হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিজ্ঞা। প্রিয় ভাই ও বোনেরা, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র্যালি চলমান থাকবে।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান।
দিবসটি উপলক্ষে বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে চারটার দিকে ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন।



