নিউজ ডেস্ক: আইনি ভিত্তি দেওয়া ও বাস্তবায়ন করা না হলে জুলাই সনদ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টির সই করার কোনো অর্থ থাকে না।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানী ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাবনা থেকে সরে এসেছে। ঐকমত্যের স্বার্থে ছাড় দিয়ে এনসিপি পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। আমরা এখানে এসে দেখছি, প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারটা নিয়েই অনেকে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। সে জায়গাতে আমি তাদের কাছে আহ্বান রাখছি যে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়।
নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নতুন সংবিধানকে কোনো কোর্ট আর চ্যালেঞ্জ করতে পারে না। এ কারণেই নতুন সংবিধান করে সেটাতে যদি আমরা সংস্কার প্রস্তাবনাগুলোকে অন্তর্ভুক্ত করি, তাহলেই কেবল কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না।



