নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ বছর বয়সী এই তারকা একই সঙ্গে প্রথম শ্রেণি এবং ৫০ ওভারের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন।
তবে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি সক্রিয় থাকবেন এবং বিগ ব্যাশ লিগে (বিবিএল) ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত মেলবোর্ন স্টারসের হয়ে খেলা চালিয়ে যাবেন।
গত বছরের জুনেই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি সংস্করণে খেলা চালিয়ে যাচ্ছিলেন এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন। কিন্তু আসরের গ্রুপ পর্ব থেকেই অস্ট্রেলিয়ার বিদায় ঘটে। ওই টুর্নামেন্টে ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটিই হয়ে রইল দেশের জার্সিতে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ; যেখানে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে দুই উইকেট শিকার করেছিলেন তিনি।
‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে কথা বলতে গিয়ে অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে ম্যাক্সওয়েল জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছিল। ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না এবং বিষয়টি উন্মুক্ত রাখা হয়েছিল। তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার যে পরিকল্পনা অস্ট্রেলিয়া নিয়েছে, তার সঙ্গে তিনি একমত পোষণ করেন।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উইনিং রান নিয়ে মাঠ ছাড়া এই মারকুটে ব্যাটারের মনে ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার কিছুটা সুপ্ত ইচ্ছা ছিল। তবে বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৮ সালের অলিম্পিককে সামনে রেখে আগামী ১২ থেকে ২৪ মাসে দলে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ম্যানেজমেন্ট এখন তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চের চাপের সঙ্গে অভ্যস্ত করাতে চায়, যা স্রেফ ঘরোয়া বিগ ব্যাশের মাধ্যমে পুরোপুরি সম্ভব নয়।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও গত সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয় ছিলেন তিনি; যেখানে তার নেতৃত্বে বেলফাস্ট উলভস ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছায়। এর পাঁচ দিন পর ভিক্টোরিয়ার হয়ে ওয়ান ডে কাপে দুটি ম্যাচও খেলেন। নিজের রাজ্য দলের ড্রেসিংরুমে সতীর্থদের কাছে এটিই শেষ ম্যাচ জানানোর মুহূর্তটি বেশ আবেগময় ছিল বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, ক্যারিয়ারের বাকি দিনগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার উপযোগী থাকতে নিজের শরীরের যত্ন নেওয়াই এখন তার মূল লক্ষ্য।
অস্ট্রেলিয়ার জার্সিতে ১৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৪ দশমিক ৪২ স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ২ হাজার ৮৯৭ রান এবং বল হাতে নিয়েছেন ৫১টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার নামের পাশে রয়েছে ৫টি সেঞ্চুরি, যা ভারতীয় ব্যাটার রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ড। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট ম্যাচও খেলেছেন যার শেষটি ছিল ২০১৭ সালে। টেস্টে তার সংগ্রহ ৩৩৯ রান, যার মধ্যে ভারতের রাঁচিতে খেলা ১০৪ রানের একটি শতক রয়েছে।



