ক্রীড়া ডেস্ক: টানা দুই হারের পর জয়ে ফিরেছে বার্সেলোনা। ঘরের মাঠে আলাভেসকে ৬-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
জোড়া গোল করে জয়ে বড় অবদান রেখেছেন লামিনে ইয়ামাল। তবে ম্যাচ শেষে ইয়ামালকে নিয়ে কোচ হান্সি ফ্লিকের মন্তব্যই হয়েছে আলোচনার বিষয়। তার মতে, ইয়ামাল দুই গোল করায় তাঁকে মাঠ থেকে তুলে নেওয়াটা সহজ হয়েছে!
ম্যাচের ৭০ মিনিটে ইয়ামালকে তুলে নেন ফ্লিক। চলতি মৌসুমে বার্সা ও স্পেনের হয়ে ১৮টি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এই কিশোর তারকা। ফলে তাকে কিছুটা বিশ্রাম দেওয়ার সুযোগ খুঁজছিলেন কোচ।
জোড়া গোলের পর সেই কাজটা সহজ হয়েছে বলে জানিয়েছেন ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যখন তুমি দুটি গোল করো, তখন মাঠ থেকে উঠে যাওয়া সহজ হয়।’
ইয়ামালের খেলার সময় নিয়ন্ত্রণের বিষয়টি বিরতির সময়ই তার সঙ্গে আলোচনা করেছিলেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘আমি বিরতির সময় তার সঙ্গে খেলার মিনিট নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছি।
একের বিপক্ষে এক পরিস্থিতিতে সে আবার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, এটা আমাদের জন্য ভালো। দ্বিতীয়ার্ধে সে আরও কিছু সময় খেলেছে। তবে তার খেলার সময় কমানোও গুরুত্বপূর্ণ।’
ফ্লিক বলেন, ‘লামিনের জন্য দারুণ একটি ম্যাচ ছিল। তবে আক্রমণভাগের অন্যদের পারফরম্যান্সও ভালো লেগেছে। ফেরমিন, রাফিনহা- সবাই ভালো খেলেছে। এই দুই হারের পর দল কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটিই দেখতে চেয়েছিলাম। খেলোয়াড়েরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা ভালো লেগেছে।’
এই জয়ে আবারও লা লিগার শীর্ষস্থান ফিরে পেয়েছে বার্সা। ১১ ম্যাচে তাদের জয় ১০টি। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনার হয়ে ১০০তম জয়ের মাইলফলকও স্পর্শ করেছেন ফ্লিক। এবার তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ। এরপর আগামী সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ খেলবে কাতালানরা।



