ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস ২৭ নভেম্বর

আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস ২৭ নভেম্বর

নিউজ ডেস্ক: আগামীকাল (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস (ইন্টারন্যাশনাল ডে ফর দি ইলিমিনেশন অব চাইল্ড, আর্লি অ্যান্ড ফোর্সড ম্যারেজ)। এ বছরই সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়।

বাংলাদেশে বাল্যবিবাহের হার অত্যন্ত উদ্বেগজনক। ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিবাহ হয়েছে ১৮ বছরের আগেই এবং এই হার দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

বাল্যবিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে। পাশাপাশি অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে, যা তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবজ হিসেবে কাজ করে।

জন্ম নিবন্ধন কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার পূর্বশর্ত। এটি শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে কাজ করে। ফলে বিয়ের ক্ষেত্রে বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিবাহের চেষ্টা প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্তকরণ সহজ হয়।

তবে, বাংলাদেশে এখনও প্রায় অর্ধেক মানুষ নিবন্ধনের বাইরে রয়ে গেছে। বিদ্যমান আইনের সীমাবদ্ধতা শতভাগ নিবন্ধন লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব প্রদান করা হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫.৩ অনুযায়ী, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলে অঙ্গীকারবদ্ধ। একইভাবে, এসডিজি ১৬.৯-এ ২০৩০ সালের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার কথা বলা হয়েছে, যার অন্যতম ভিত্তি জন্ম নিবন্ধন।

সকল শিশুর অধিকার সুরক্ষার আন্তর্জাতিক চুক্তি, জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি) প্রতিপালনেও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ নিবন্ধন গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখতে পারে।

২০২৫ সালের অক্টোবরে বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপে স্থানীয় সরকার বিভাগকে সর্বজনীন জন্ম ও বিবাহ নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে বয়স যাচাই জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এজন্য নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও কার্যকর করা প্রয়োজন।

দিবসটি উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।”

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular