ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী

শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী

নিউজ ডেস্ক: শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণেই স্বল্প সময়ের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন এবং নিম্নতম মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস,মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং মালিকপক্ষও এসব দাবির বিরোধিতা না করে একটি সুন্দর পরিবেশে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছেন। আন্দোলনের শুরু থেকে মজুরি বোর্ডের কার্যক্রম পর্যন্ত অধিকাংশ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর রাত পর্যন্ত সম্মিলিতভাবে সহযোগিতা করেছেন। একইভাবে মালিকপক্ষের নেতৃবৃন্দও মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়েছেন। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরিফুল হক চৌধুরী জানান, মজুরি বোর্ড গঠন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং শ্রমিক-মালিকের সমন্বয়ে একটি সুন্দর সমাধান চেয়েছেন। মজুরি বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেই সমাধান হয়েছে। তিনি দেশের শিল্প খাতকে বিশ্বদরবারে আরও সুপ্রতিষ্ঠিত করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকটসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের কোনো প্রভাব ছাড়াই বোর্ড সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও নির্মোহভাবে মজুরি নির্ধারণ করেছে।

তিনি জানান, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা হয়েছে। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে এ গ্রেডের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গত তিন বছরে গ্রেডভেদে পোশাকশ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে,যা টাকার অঙ্কে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। বোনাস ও ওভারটাইম যুক্ত হলে বিপুলসংখ্যক শ্রমিক মাসে ২৫ হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন বলে মালিকপক্ষের প্রতিনিধিরা প্রত্যাশা করছেন। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা,দেশের অন্যান্য শিল্পের মজুরি এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ বহুমাত্রিক বিষয় বিবেচনায় নিয়ে এই কাঠামো তৈরি করা হয়েছে।

মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, শ্রমঘন এলাকায় ভর্তুকি মূল্যে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম সম্প্রসারণ এবং পোশাকশ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি শ্রমঘন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং শ্রমিকদের জন্য বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ রয়েছে। এ ছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে যাতে বাড়িভাড়া ও যানবাহনের ভাড়া বৃদ্ধি না পায়, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে।

পরিশেষে শিল্প ও শ্রমিককে একে অপরের পরিপূরক উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বাড়বে।

সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে নতুন মজুরি কাঠামোকে আরও অর্থবহ করা হবে। শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ ও উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি সক্ষম মালিকদের নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি মজুরি প্রদান এবং সব মালিককে আইন মেনে চলার অনুরোধ জানান।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular