নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন বিভাগ আর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ করবে না। তিনি রাস্তার পাশে সামাজিক বনায়নের জন্য লাগানো ইউক্যালিপটাস ও আকাশমণি ছাড়া অন্য গাছ সংরক্ষণ করতে বন বিভাগকে নির্দেশ দেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও বন অধিদপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বায়োডাইভারসিটি রুলস ও গাইডলাইন তৈরি করা হবে। এছাড়া, বন ও বন্যপ্রাণী সংক্রান্ত কাজে রেঞ্জ অফিস পর্যায়ে শিক্ষার্থীদের যুক্ত করার কথা বলেন।
উপদেষ্টা জানান, লাঠি টিলা, চুনতি, সাতছড়ি ও লাউয়াছড়ার জন্য ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। এসব বনভূমিতে ইকো-ট্যুরিজম ও পিকনিক বন্ধ করতে হবে। গান-বাজনাও বন্ধ করতে হবে, যাতে বন তার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারে।বনভূমির অবৈধ দখল উচ্ছেদ করতে হবে, কোনো তদ্বির বরদাশত করা হবে না। বনবাসীদের সাথে দ্বন্দ্ব দূর করে গারো সম্প্রদায়ের বিরুদ্ধে মামলাসহ হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।
উপদেষ্টা স্ট্রাটেজিক প্ল্যান, জেন্ডার পলিসি, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম এবং প্রকল্পের তথ্য প্রকাশে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।মতবিনিময় সভায় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম, যুগ্মসচিব বন শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী সহ বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



