নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার প্রচলিত কাঠামোতে পরিবর্তন এনে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান সহায়ক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ জোরদার, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচি সম্প্রসারণ এবং একাধিক ভাষা শেখার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন ।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩ শতাধিক কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার বিকল্প নেই।
অধ্যক্ষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, একটি কলেজের অধ্যক্ষের দায়িত্ব কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, নৈতিক দিকনির্দেশনা দেন এবং একাডেমিক কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। নতুন প্রজন্মের ভবিষ্যৎ গঠনে অধ্যক্ষদের যোগ্যতা, প্রজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও দূরদর্শিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ বিস্তারের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান প্রত্যাশিত মাত্রায় উন্নীত হয়েছে কি না, সে প্রশ্ন রয়ে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন করতে হবে। এ ব্যবস্থাকে আধুনিক ও সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। তবে এসব পরিবর্তন কার্যকর করার ক্ষেত্রে কলেজের অধ্যক্ষদের নেতৃত্ব দিতে হবে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তার মতে, প্রচলিত শিক্ষকনির্ভর পাঠদানের পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি সতর্ক করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্বের পরিস্থিতির উন্নতি হবে না। একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জনের ঘাটতি শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের অন্যতম কারণ।



