নিউজ ডেস্ক: “একটি গাছ শুধু প্রকৃতি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি আমানত” মুন্সীগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী একথা বলেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে রোববার (১ আগস্ট, ২০২৬) মুন্সীগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধনকালে আওলাদে রাসূল (ﷺ), সাজ্জাদানশীন-এ দরবারে গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ বহুমাত্রিক সংকটের মুখোমুখি। এ সংকট মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ধর্মীয়, সামাজিক ও যুব সংগঠনসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে পারলেই পরিবেশ সংরক্ষণে কার্যকর পরিবর্তন আনা সম্ভব।”
তিনি তরুণদের উদ্দেশে বলেন, “দেশপ্রেম শুধু কথায় নয়, কাজেও প্রকাশ পায়। একটি গাছ রোপণ, তার পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালনও দেশ ও মানবতার প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।”




