নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
তিনি বলেন, কমলনগরের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ভিন্নমত সত্ত্বেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জামায়াত, বিএনপি, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ সব মতাদর্শের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
হুইপ নিজান শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ‘শিক্ষা, মাদক ও স্বাস্থ্য কমিটি’ গঠনের নির্দেশনা দেন। এসব কমিটিতে মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক এবং সৃজনশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে দায়িত্বশীল ও ইতিবাচক মানুষ হিসেবে তৈরি করতে হবে।
অনুষ্ঠান শেষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্পিউটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হোসাইন, এসপি সার্কেল (কমলনগর–রামগতি) সামছুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম. দিদার হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ঢাকানিউজ/নাজ/২৪




