নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর পর এবার এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার একই ঘটনায় এক কর্মচারীকেও সাময়িক বরখাস্ত করা হয়। ওই কর্মচারী নাম মোহাম্মদ আমানুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সতর্ক রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে গত ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়।



