ঢাকা  সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামের উপর দিয়ে প্রবাহিত যমুনা খাল খননের নামে কৃষিজমি নষ্ট করে নিয়ম বহির্ভূতভাবে মাটি বিক্রির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার (১ জুন) দুপুরে ভিটিবিশাড়া খননকৃত খালসংলগ্ন খলাঘাট ব্রীজে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিল্লাল সরকার, সাইদুল ইসলাম ফটো, তুহিন সরকার, সজল সরকার, মো. আসাদুজ্জামান, আল আমিন, আবু মোসা, লতিফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,  এখানকার সীমিত আবাদি জমির ওপর নির্ভর করেই কৃষকেরা জীবিকা নির্বাহ করেন। অথচ খাল খননের নামে নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় একটি প্রভাবশালী মহল নির্বিচারে মাটি কাটার ফলে খালের দুপাশের ফসলি জমি, ঘরবাড়ি ভাঙ্গন দেখা দিয়েছে। তারা আরো বলেন, খাল খননের নামে কৃষিজমি ধ্বংসের এ অনিয়ম বন্ধ করতে হবে। খাল খনন হোক আমরাও চাই, তবে সেটা হতে হবে নিয়মতান্ত্রিকভাবে যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। পাশাপাশি প্রকল্পের নকশা, ব্যয়ের হিসাব ও স্টিমেট জনসাধারণের সামনে প্রকাশ করে স্বচ্ছতার ভিত্তিতে কাজ পরিচালনার দাবি জানান তারা। এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

কৃষক লতিফ হোসেন বলেন, ৮ ফুটের  গভীরে খাল কাটতে গিয়ে ২০ ফুট পর্যন্ত গভীর করে খাল খনন করে মাটি বিক্রির ফলে কৃষিজমি নষ্ট করা হচ্ছে। কৃষকদের শেষ সম্বল আবাদি জমিও রক্ষা পাচ্ছে না। আমরা এব্যাপারে স্থানীয় এমপি ও সরকারের হস্তক্ষেপ কামনা করি।

স্থানীয় বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, খাল খনন শুরুর আগে স্থানীয় কৃষক ও খালের দুপাশের জমির মালিকদের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় করা হয়নি। স্থানীয়রা বারবার প্রকল্পের নকশা ও স্টিমেট দেখতে চাইলেও সংশ্লিষ্টরা তা দেখাতে রাজি হননি বলে অভিযোগ করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুর বলেন, এলাকাবাসীর মানববন্ধন সম্পর্কে তিনি অবগত নন। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলতে বলেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular