নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলের বিপরীতে রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেললাইন পারাপারের সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. রিয়াজুল করিম জানান, খিলক্ষেতের লা-মেরিডিয়ানের বিপরীতে রেলস্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স প্রায় ৪৫ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।




