নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের কুসুমবাগ পুলিশ পার্ক এলাকার একটি বাসা থেকে মোছা: সোনিয়া আক্তার (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোনিয়াকে হাসপাতালে নিয়ে আসা তার স্বামী মো. ফুরকান জানান, তার স্ত্রী একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে অভিমান করে সোনিয়া নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, জানালার ফাঁক দিয়ে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সোনিয়াকে উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোনিয়া আক্তার বরগুনা সদর উপজেলার হেলিগুনিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে তিনি স্বামীসহ খিলগাঁও কুসুমবাগ পুলিশ পার্কের পাশে ২৬৪/৬/এন নম্বর বাড়ির পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।




