খুলনা প্রতিনিধি : আজ (রবিবার) খুলনায় ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ আমাদের জীবনে বিপর্যয় সৃষ্টি করে। কিছু মানুষের দায়িত্বহীন আচরণ অনেকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।” তিনি নদীর কূল ভরাট ও খাল আটকে জলাবদ্ধতা সৃষ্টি করার মতো কার্যকলাপ বন্ধের উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, খুলনার বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতার ফলে কৃষিজমি পানির নিচে রয়েছে। এ সমস্যা সমাধানে শোলমারি নদীর মুখ থেকে পলি সরাতে দুটি ড্রেজার কাজ করছে এবং বরিশাল থেকে হেভিডিউটি পাম্প আনা হয়েছে। এছাড়া, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৫০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সংকট নিরসনে সহায়ক হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলাম।
এর আগে, দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এছাড়া, বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।



